ছোট গল্প লিখছে গুগলের এআই!

৫ নভেম্বর, ২০২২ ২৩:৪১  
মানুষের পাশাপাশি এবার গল্প লিখতে শুরু করেছে গুগলের কৃত্রিমবুদ্ধিমত্তা শক্তির বট। গুগলের ‘ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (লামডা)’ ব্যবহার করে ওয়ার্ডক্র্যাফট বানিয়েছেন লেখকরা। পরীক্ষামূলক এই বটের নাম দেয়া হয়েছে ‘ওয়ার্ডক্র্যাফট’। অবশ্য লেখা সম্পাদনার এই এআই বট তৈরিতে সহযোগিতা করেছেন এক ডজনের বেশি প্রশংসিত লেখক। কল্পকাহিনী লেখক ইউজিনিয়া ট্রাইয়াটাফাইলু নির্দেশনায় এরইমধ্যে ‘ওয়ার্ম-মাদার্স’- নামে একটি ছোট গল্পও লিখেছে ওয়ার্ডক্র্যাফট। গল্পটা তরজমা করলে দাঁড়ায়, “আকাশের সবগুলো পাখিই ছিল কৃমি মায়েদের শিকার – ক্ষুধা পেলেই খুশিমনে পাখিগুলোকে ওরা আঙ্গুরের মতো আস্ত গিলে খেত। কারণ, কৃমি মায়েদের বলার মতো কোনো দাঁত ছিল না, কোনো চোখও ছিল না। ওদের ডিমের মতো মাথার ওপরে ছিল কেবল মাড়ি সর্বস্ব মুখ আর একটা ছোট কালো শিং।” নিউ ইয়র্কে অনুষ্ঠিত এবারের ‘গুগল এআই’ অনুষ্ঠানে বুধবার নতুন এই পরীক্ষামূলক এআইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন ‘গুগল রিসার্চ’-এর জ্যেষ্ঠ গবেষক ডগলাস। গত বছর প্রযুক্তি বাজারে উন্মোচন করা ‘লামডা’ নিয়ে গুগলের দাবি, মানুষের সঙ্গে আলাপচারিতায় অংশ নেওয়ার সক্ষমতা আছে এই ‘ডায়ালগ ইঞ্জিনের’। অনুষ্ঠানে এআইয়ের কার্যক্ষমতা বিচারে অনুষ্ঠানে ওয়ার্ডক্র্যাফটের লেখা ছোট গল্পের সাহিত্যগুণ বিবেচনায় নিয়ে প্রশ্ন ওঠেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে ডগলাস বলছেন, তার বিশ্বাস, ‘মানুষের সৃজনশীলতা প্রকাশের প্রক্রিয়া পাল্টে দেবে’ ওয়ার্ডক্র্যাফট। অবশ্য ‘গদ্য রচনার’ কাজটি একেবারেই ‘সহজ নয়’ এবং লামডার একক চেষ্টা থেকে আসা ফলাফল কোনো পুরস্কারের যোগ্য কিছুও নয়। প্রযুক্তি সাইট সিনেট বলছে, কল্পকাহিনী লেখার ক্ষেত্রে ওই ‘ইঞ্জিনের’ সক্ষমতা যাচাইয়ের প্রকল্প হচ্ছে ওয়ার্ডক্র্যাফট। ‘ওয়ার্ডটিউন’ বা ‘গ্রামারলি’র মতো বাজারে বিদ্যমান টুলগুলোর সঙ্গে এর মূল পার্থক্য– এআইয়ের মূল লক্ষ্যই হচ্ছে ফিকশন বা কল্পকাহিনী লিখতে সাহায্য করা। গুগল এআই প্রযুক্তিকে সৃজনশীল শিল্পমুখী করার চেষ্টা অব্যাহত রাখবে বলে জানিছেন তিনি। এক্ষেত্রে এআইয়ের ভূমিকাকে রান্নার বাড়তি মশলার সঙ্গে তুলনা করেছেন তিনি। যদিও ভাষা, অর্থ এবং প্রসঙ্গিকতা বোঝার সক্ষমতা নেই লামডার। কিন্তু ইন্টারনেটে থাকা বিশাল ডেটা বিশ্লেষণ করে রক্তমাংসের মানুষের বক্তব্য হিসেবে বিশ্বাসযোগ্য কিছু দাঁড় করাতে পারে এআইটি। এটি বাক্যের পরের শব্দগুলো কী হতে পারে, তাও ধারণা করতে পারে বলে জুলাই মাসেই জানিয়েছিল ওয়াশিংটন পোস্ট।